পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে নতুন কোনো নাম রাখার পরিবর্তে এবার স্থায়ীভাবে ‘পশ্চিমবঙ্গ’ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সোমবার সল্টলেকের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট করেছেন যে, রাজ্যের নাম আর ‘বাংলা’ বা ‘ওয়েস্ট বেঙ্গল’ হবে না; বরং সব ভাষাতেই রাজ্যের পরিচিতি হবে ‘পশ্চিমবঙ্গ’ নামে। এই পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে রাজ্য বিধানসভার আগামী অধিবেশনে একটি নতুন বিল উত্থাপন করা হবে।
প্রক্রিয়াটি ব্যাখ্যা করে শমীক ভট্টাচার্য জানান, বিধানসভায় বিলটি পাস হওয়ার পর তা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তীতে সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে এবং তার সম্মতি মিললেই এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে। শমীকের মতে, ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ ব্যবহারের ফলে কেন্দ্রের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা বর্ণমালার ক্রমানুসারে তালিকার একেবারে শেষের দিকে স্থান পান। তাই রাজ্যের নাম সব ভাষাতেই পশ্চিমবঙ্গ করা হলে এই সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন। কিন্তু ‘বাংলা’ নামের প্রস্তাবে কেন্দ্রের সায় মেলেনি। কারণ, ওয়েস্ট বেঙ্গলের ইংরেজি নামের প্রথম অক্ষর ‘ডব্লিউ’, যা ইংরেজি বর্ণমালার শেষের দিকে।
উল্লেখ্য, রাজ্যের নাম পরিবর্তনের এই বিতর্ক বহু পুরনো। ১৯৯৯ সালের ২০ জুলাই প্রথমবার বিধানসভায় প্রস্তাব এসেছিল যে, রাজ্যের নাম সব ভাষাতেই পশ্চিমবঙ্গ করা হোক। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে ২০১৬ সালের ২ আগস্ট রাজ্য মন্ত্রিসভায় এক ভিন্নধর্মী প্রস্তাব পাস হয়। সে সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, রাজ্যের নাম হবে তিন ভাষায় তিন রকম—বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’।
পরবর্তী সময়ে ২০১৮ সালে রাজ্যের নাম ‘বাংলা’ করার লক্ষ্যে বিধানসভায় আবারও একটি প্রস্তাব পাস করা হয় এবং তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়। তবে সেসময় তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্র ওই প্রস্তাব অনুমোদন করেনি, যার ফলে বিষয়টি দীর্ঘদিন ফাইলবন্দী হয়ে ঝুলে ছিল। দীর্ঘ ১৭ বছর পর আবার নতুন করে যখন রাজ্যের নামকরণের বিষয়টি আলোচনায় এল, তখন শমীক ভট্টাচার্য সাফ জানিয়ে দিলেন—বাংলা, পশ্চিম বাংলা, বেঙ্গল, বঙ্গাল বা ওয়েস্ট বেঙ্গল নয়, রাজ্যের নাম হবে কেবল ‘পশ্চিমবঙ্গ’। তিনি উদাহরণ হিসেবে গত আগস্ট মাসে ভারতের দক্ষিণের রাজ্য কেরালার নাম বদলে ‘কেরলম’ করার বিষয়টিও উল্লেখ করেন।





