২০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা ও অবকাঠামোর নিন্দা কাতার-জর্ডানের

প্রকাশ:

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ ও ‘সোফা ৫৩’ নামক সামরিক অবকাঠামো নির্মাণের কাজ পুনরায় শুরুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার ও জর্ডান। রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের আনুষ্ঠানিক উদ্বেগের বিষয়টি উঠে আসে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুনেইত্রা অঞ্চলের গ্রামীণ এলাকায় ইসরায়েলের এ ধরনের সামরিক তৎপরতা সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। একইসঙ্গে এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে মন্তব্য করেছে দোহা।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পৃথক বিবৃতিতে ইসরায়েলি কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে জানিয়েছে, সিরিয়ার অভ্যন্তরীণ ভূখণ্ডে সামরিক কার্যক্রম পরিচালনা এবং এ ধরনের অবকাঠামো নির্মাণ আন্তর্জাতিক সব নিয়মকানুনের চরম লংঘন।

উল্লেখ্য, ‘সোফা ৫৩’ বা স্থানীয়ভাবে ‘দ্য গ্রেট স্টর্ম’ নামে পরিচিত এই অবকাঠামোটি মূলত একটি সামরিক সড়ক, মাটির উঁচু বাঁধ ও পরিখা বেষ্টিত নিরাপত্তা বলয়। ১৯৭৪ সালের যুদ্ধবিরতি ও সামরিক প্রত্যাহার চুক্তির আওতায় থাকা বাফার জোনের অভ্যন্তরে ২০২২ সাল থেকে কুনেইত্রা অঞ্চলের সিরীয় অংশে ইসরায়েল এটি নির্মাণ করে আসছে। অতি সম্প্রতি ওই এলাকায় নতুন করে সামরিক ও নির্মাণ তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আরব বিশ্বের দেশ দুটি এই প্রতিক্রিয়া ব্যক্ত করল। উল্লেখ্য, সোফা ৫৩ (যাকে স্থানীয়ভাবে ‘দ্য গ্রেট স্টর্ম‘ বা মহাসুউচ্চ ঝড় নামে ডাকা হয়) হলো একটি সামরিক সড়ক, মাটির উঁচু বাঁধ ও পরিখা সম্বলিত নিরাপত্তা বলয়।

শেয়ার করুন