সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ভারতের দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ সেলিম বর্তমানে দলের সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য হিসেবে এই দায়িত্ব গ্রহণ করবেন।
একই সাক্ষাৎকারে ছোটবোন শেখ রেহানা সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী বলেন, তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং নিজের দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।
ডিসেম্বরে দেশে ফেরার কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে ফিরলে এয়ারপোর্টেই তাকে হত্যা করা হতে পারে। তিনি আরও বলেন, প্রত্যেকেরই জীবনের ঝুঁকি থাকে, তবে তিনি দেশে ফেরার নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চান না।
সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে বলে অভিযোগ করেন। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশে জঙ্গিবাদীদের উত্থানের খেসারত ভারতকেও দিতে হবে। তার মতে, প্রতিবেশী বাংলাদেশের অস্থিরতা ও মৌলবাদী শক্তির বিস্তার ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হতে পারে।
এ সময় তিনি বাংলাদেশের নির্বাচনকে ভারতের সমর্থন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নয়াদিল্লির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ভারত সরকার কী ভেবে বাংলাদেশের নির্বাচন সমর্থন করল এবং তারেককে ফিরিয়ে আনল, তা ভারত সরকারই ভালো বলতে পারবে। দুই দেশের পারস্পরিক বোঝাপড়াকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।





