নির্দেশনা থাকার পরেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যদি কেউ প্রচার করে, তবে সেই বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি যে এই কাজ যেন কেউ না করে, কারণ এ বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে।
উপদেষ্টা আরও বলেন, কেউ যদি সংক্ষুব্ধ হন যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ভুল হচ্ছে বা তার বক্তব্য প্রচার করা উচিত বলে মনে করেন, তবে তারা আদালতে যেতে পারেন। ওই রায়কে চ্যালেঞ্জ করার অধিকার তাদের রয়েছে। তবে আদালত রায় পরিবর্তনের আগে বর্তমান নির্দেশনা মেনে চলা প্রতিটি প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য কর্তব্য।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এটা খুব হাস্যকর লাগে, যাকে আমি ধরে আনতে চাই পারলে কারণ আমাদের তো চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি। তিনি আরও বলেন, আমি উনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবে, তো আসুক আমরা প্রস্তুত আছি। একইসঙ্গে তিনি বলেন, আমরা কিন্তু ন্যায়বিচার নিশ্চিত করব।





