১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, উন্মোচিত দুই চালক হত্যা

প্রকাশ:

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় অটোরিকশা চালক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত আব্দুল ওয়াদুদ ওরফে মানিককে গ্রেপ্তার করা হয়েছে। মানিক মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের গনিপুর গ্রামের বাসিন্দা। কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্যমতে, গত ১২ আগস্ট নাঙ্গলকোটের আটিয়াবাড়ি এলাকা থেকে অটোরিকশাচালক মো. মেহেদীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্তে নেমে জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমকে গ্রেপ্তার করে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মানিক অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মেহেদীকে হত্যার কথা স্বীকার করেছেন। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, মানিক একজন সিরিয়াল কিলার এবং তিনি একাধিক খুনের সঙ্গে জড়িত।

তদন্তের ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট নাঙ্গলকোট থেকে মো. আরমান হোসেন নামে আরেক অটোরিকশাচালক নিখোঁজ হন। তার মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত চালিয়ে পুলিশ কাটা অটোরিকশাসহ মো. জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানিককে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আরমানকেও হত্যার কথা স্বীকার করেন। পরবর্তীতে মানিকের দেওয়া তথ্যের ভিত্তিতে মনোহরগঞ্জের বিনয়ঘর এলাকার একটি পুকুর থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দুটি হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্যই ছিল অটোরিকশা ছিনতাই করা।

শেয়ার করুন