রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, আগামী চার মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালটি ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। এই প্রকল্পের আওতায় টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট এবং অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের কাজ করা হবে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়ন করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড, যা বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে সম্পন্ন হবে।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা। এর আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্মে ঢালাই ও টাইলস বসানো হবে। এছাড়া ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট ব্যবহার করে টার্মিনালের শেড তৈরি করা হবে। একই সাথে ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট এবং বিভিন্ন অফিস কক্ষ ও পার্টিশনসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার নির্দেশনা দিয়েছে।





