সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, তদন্ত কমিটি গঠন

প্রকাশ:

সাভার পৌর এলাকার তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে এই মামলাটি করেছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর রাতেই ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য দুই সদস্য হলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এবং সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ।

কমিটিকে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কমিটির সদস্য ও সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান, তদন্ত কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, তবে তদন্তের অগ্রগতি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

উল্লেখ্য, সমাবেশটিতে এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য আখতার হোসেন এবং কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন