সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির অংশ হিসেবে এবং হুতিদের মোকাবিলা করার লক্ষ্যেই বাংলাদেশ দেশটির নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির আরও বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে কেবল হজ ও ওমরাহর ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ রাখা হচ্ছে না। ঢাকা ও রিয়াদের মধ্যকার এই সম্পর্ককে কৌশলগত এবং মজবুত ভিত্তির ওপর দাঁড় করানোই বর্তমান লক্ষ্য।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ নৈতিক ও আদর্শিক জায়গা থেকে সৌদি আরবের নিরাপত্তার প্রয়োজনে যেকোনো সময় সহায়তা করতে প্রস্তুত। তিনি স্পষ্ট করেন যে, এই জোটের মূল লক্ষ্য হুতি চ্যালেঞ্জ মোকাবিলা করা। তবে এর অর্থ এই নয় যে ইরানকে আক্রমণ করতে হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ইরানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলছে।
জোটে বাংলাদেশের অংশগ্রহণ কেমন হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হুতিদের মোকাবিলা করতে যে ধরনের সহায়তা প্রয়োজন, বাংলাদেশের যে ‘রিসোর্সেস’ বা সম্পদ রয়েছে, সেই অনুযায়ী সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ৪৩টি দেশের সামরিক প্রতিনিধি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের অংশগ্রহণে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলন শেষে এই জোটের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ এই জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।





