গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার বিকাল ৪টার দিকে শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক প্রধান অতিথির বক্তব্যে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ নিশ্চিত করতে হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। জনগণের আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটাতে তিনি সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান।
জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এডভোকেট আজিজুল ইসলাম, শিবির সভাপতি মেহেদি হাসানসহ এনসিপি ও এবিপার্টির মতো ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
এই বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীসহ ১১ দলের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।





