জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে হবে না। বুধবার (২৬ আগস্ট) বিকালে রাঙামাটির স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত জেলা সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
সভায় সারজিস আলম বলেন, সম্প্রতি রাঙামাটিসহ যে তিনটি পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে, তা মূলত বিএনপির একাংশের পরিষদ। জাতীয় নাগরিক পার্টি চায় আগামীতে এই পরিষদ নির্বাচনের মাধ্যমেই গঠন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
এ সময় তিনি তিন পার্বত্য জেলায় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনসহ শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
সভায় জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, এনসিপি রাঙামাটি সদস্য সচিব মো. শোয়েব, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান এবং যুগ্ম সদস্য সচিব প্রিয় চাকমাসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় জেলার বিভিন্ন উপজেলার আহ্বায়ক কমিটির নেতারাও অংশ নেন।





