এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তীব্র সমালোচনা করেছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর দুটি পোস্টের মাধ্যমে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। সর্বশেষ পোস্টে তিনি সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখেন, 'জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?'
এর কয়েক মিনিট আগে করা প্রথম পোস্টে সারজিস আলম জানান, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করেছে। তিনি অভিযোগ করেন, সেই ডকুমেন্টারিতে ৩ আগস্ট ঘোষিত জুলাইয়ের ১ দফার কোনো উল্লেখ নেই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামচিহ্ন পর্যন্ত সেখানে রাখা হয়নি।
সারজিস আলম তার পোস্টে আরও মন্তব্য করেন যে, ডকুমেন্টারিটি দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বরং এটি ছিল বিএনপির দলীয় অভ্যুত্থান। তিনি বলেন, ইতিহাসকে দখল করার যে আওয়ামী খাসলত ছিল, বিএনপি তা ভালোই রপ্ত করেছে।
বিএনপির দিকে ইঙ্গিত করে সারজিস লেখেন, এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশের মাধ্যমে এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্কের দাগ মোছা সম্ভব হবে না।





