হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়েরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘটনার তীব্র সমালোচনা করেন এবং ছাত্রদলকে উদ্দেশ্য করে ‘ব্যক্তিত্ব বজায় রাখার’ আহ্বান জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে সারজিস আলম পুরোনো রাজনৈতিক অভ্যাসের দিকে ইঙ্গিত করে লেখেন, ‘আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল।’ এরপর তিনি বর্তমান ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ‘গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে।’
সারজিস আলম তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘সেই পুরোনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! বি আ লিটল ডিগনিফাইড, প্লিজ!’
উল্লেখ্য যে, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এনসিপি। যদিও বিএনপি নেতারা তাদের বিরুদ্ধে আনা হামলার এই অভিযোগ অস্বীকার করেছেন।
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৫: ২৭আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৫: ৩৪





