সনাতন ধর্মাবলম্বীরা কোনো নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ধারণা ভুল প্রমাণ করে দেশের সচেতন জনগণ তা ভেঙে চুরমার করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে যারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই গোষ্ঠীকে একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংক হিসেবে মনে করত, তারা ভুল প্রমাণিত হয়েছে। তিনি দেশের নাগরিকদের ধর্মীয় পরিচয়ের চেয়ে জাতীয় পরিচয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে কেউই যেন নিজেদের সংখ্যালঘু হিসেবে পরিচয় না দেন। ধর্মের ভিত্তিতে বৈষম্য না করে সবাই নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে তা মুখ্য নয়। বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীসহ সব নাগরিক নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন। সংবিধানে রাষ্ট্রকে সব ধর্মের মানুষের উপাসনালয় স্থাপন ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না এবং সব উপাসনালয়ের কর্তাদের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান।





