সালাম মুর্শেদিসহ ১৩ জনের বিরুদ্ধে সরকারি সম্পদ আত্মসাতের বিচার শুরু

প্রকাশ:

রাজধানীর গুলশান-২ এলাকার ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদিসহ মোট ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুস সালাম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। একই সঙ্গে আদালত মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন। আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে কারাবন্দী সালাম মুর্শেদীসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। জামিনে থাকা মামলার অন্যান্য আসামিরাও আদালতে হাজিরা দেন। শুনানিতে আসামিপক্ষের আইনি লড়াইয়ে অংশ নেন এহসানুল হক সমাজী, মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দীন, শাহীনুর ইসলাম এবং খাদেমুল ইসলাম। তাদের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে চার্জ গঠনের আদেশ দেন। উল্লেখ্য যে, সালাম মুর্শেদীকে গত ২০২৪ সালের ১ অক্টোবর গ্রেপ্তার করা হয়।

মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, রাজউকের সাবেক সদস্য (এস্টেট) লে. কর্নেল (অব.) এম নুরুল হক, সাবেক পরিচালক আবদুর রহমান ভূঁঞা, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হক এবং কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে ‘খ’ তালিকাভুক্ত গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭ নং হোল্ডিং, যার রোড নং-১০৪ এবং প্লট নং-২৯, সেটি পরিত্যক্ত ২৭ কাঠা সম্পত্তির তালিকাভুক্ত ছিল। কিন্তু পরিত্যক্ত সম্পত্তি হিসেবে অবমুক্ত না করেই আসামিরা জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করেন। পরবর্তীতে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদন করার মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি করার অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

শেয়ার করুন