আপত্তিকর চ্যাটের জেরে শাবিতে ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি

প্রকাশ:

ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশক্তির এক নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অব্যাহতি পাওয়া সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সংগঠনের দফতর সম্পাদক মাহফুজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরারও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)’ নামের একটি ফেসবুক পেজে সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জারের কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা হয়। সেখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও কিশোরী মেয়েদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য এবং ধর্ষণের মতো বিষয় নিয়ে কথাবার্তা বলতে দেখা যায়। তিন থেকে চারটি স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে সাজিদ আহমেদ মোল্লা বলেন, 'ভাইরাল হওয়া চ্যাটের স্ক্রিনশটটি সত্য। তবে এটি এক বছর আগের। আপত্তিকর কথাবার্তার বিষয়টি আমার সঙ্গে খালাতো ভাইয়ের কথায় হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে স্ক্রিনশট ভাইরাল করা হয়েছে, এর সত্যতা নেই, বাস্তব ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই।' ছাত্রশক্তি থেকে অব্যাহতির বিষয়ে তিনি জানান, সংগঠন তাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে যার কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, তিনি মোবাইল ফোনে কল দিয়ে নিজের নিরাপত্তার বিষয়টি জানিয়েছেন। কোনো অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে।

শেয়ার করুন