সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় আনা যায় কি না, তা আইনগতভাবে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। নিহতদের পরিবার মামলাটি ট্রাইব্যুনালে পরিচালনার জন্য আবেদন করার প্রস্তুতি নিয়েছে।
মামলার বাদী নওশের রোমান চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করে মামলাটি ট্রাইব্যুনালে আনার বিষয়ে অনুরোধ জানিয়েছেন। রোববারের এই সাক্ষাতের পর নওশের রোমান সাংবাদিকদের জানান, তিনি সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। তিনি আরও বলেন, মামলার তদন্তে যাদের নাম নতুন করে আসছে, তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধও তিনি প্রসিকিউটরের কাছে রেখেছেন। তিনি প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
তদন্ত প্রক্রিয়া সম্পর্কে প্রসিকিউটর তানভীর জোহা জানান, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছিল, ভিন্ন একটি মামলার কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা করে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এই তথ্যের ভিত্তিতেই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





