ছোটপর্দার গ্ল্যামারাস অভিনেত্রী সাদিয়া আয়মান তার সাবলীল অভিনয় এবং পর্দা উপস্থিতির মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, বর্তমান ব্যস্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এই তারকা। বর্তমানে তিনি ‘ফ্যামিলি এক্সপ্রেস’ নামে একটি নতুন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং সেই শুটিংয়ের ফাঁকেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে জানান। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করছেন সাজ্জাদ।
অভিনয় নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে সাদিয়া বলেন, তিনি খুব বেশি কাজ করার চেয়ে মানসম্মত কাজে বেশি বিশ্বাসী। ভালো গল্প পেলে তবেই তিনি কাজ করতে আগ্রহী। তার মতে, গল্পের বিষয়বস্তু এবং তা সমাজকে কী বার্তা দিচ্ছে—তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব কাজেই যে বিশেষ কোনো বার্তা থাকতে হবে তা নয়, তবে দিনশেষে কাজগুলো যেন পরিবারের সবার দেখার উপযোগী হয়, সেদিকেই তার নজর থাকে। তিনি চান তার কাজ যেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ উপভোগ করতে পারে। পাশাপাশি, নিজের অভিনীত চরিত্রের প্রভাব নিয়েও তিনি সচেতন থাকেন।
বড় পর্দায় নিজের অবস্থান নিয়ে সাদিয়া বলেন, তিনি এখন পর্যন্ত দুটি সিনেমায় অভিনয় করেছেন এবং দুটিই ছিল ভিন্ন ঘরানার চরিত্র। তার লক্ষ্য হলো পরবর্তী সিনেমায় ‘কাজলরেখা’ এবং ‘উৎসব’-এর জেসমিন চরিত্রের চেয়েও বড় কিছু করে দেখানো। সুযোগ পেলে সব ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে তিনি আগ্রহী। ছোটপর্দা ও বড়পর্দার কাজের পার্থক্য প্রসঙ্গে সাদিয়ার অভিমত, তিনি এই দুই মাধ্যমের মধ্যে কোনো বিভেদ দেখেন না। তার কাছে অভিনয় মানেই অভিনয়, আর যেকোনো মাধ্যমেই নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করাটাই একজন শিল্পীর প্রধান দায়িত্ব।



