২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এসএসএফ ডিজি মজিবুর ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

প্রকাশ:

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মো. মজিবুর রহমান এবং তার স্ত্রী তাসরীন মুজিবের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দুটি পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় একমাত্র আসামি থাকবেন মজিবুর রহমান, আর অন্যটিতে তার সঙ্গে স্ত্রী তাসরীন মুজিবকেও আসামি করা হবে। বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, মজিবুর রহমানের নামে ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। একইভাবে তার স্ত্রী তাসরীন মুজিবের নামে ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকার সম্পদ পাওয়া গেছে, যা তাদের বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে সংস্থাটি জানিয়েছে।

দুদকের ভাষ্য অনুযায়ী, মজিবুর রহমান সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সময় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, ঘুস ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করে নিজের এবং পরিবারের সদস্যদের নামে এসব সম্পদ গড়ে তুলেছেন। অনুসন্ধানে এ-সংক্রান্ত তথ্য উঠে এসেছে বলে দুদক জানিয়েছে।

অসাধু উপায়ে সম্পদের মালিকানা অর্জন করে সেগুলো নিজের দখলে রাখার অভিযোগে মজিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্য মামলায় মজিবুর রহমানের স্ত্রী তাসরীন মুজিবকেও আসামি করা হবে। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, স্বামীর সহযোগিতায় তাসরীন মুজিবও অসাধু উপায়ে ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকার সম্পদের মালিকানা অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। এই অভিযোগে মজিবুর রহমান ও তাসরীন মুজিব—দুজনের বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১), দণ্ডবিধির ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫২

শেয়ার করুন