জুলাই মাসে রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে ৬ হাজারেরও বেশি ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। আনাদোলুর বরাতে জানা যায়, শনিবার রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান। সোবিয়ানিন উল্লেখ করেন যে, গত কয়েক মাসে রাশিয়ার রাজধানী লক্ষ্য করে আকাশপথে হামলার তীব্রতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী, ১ জুলাই রাত ১২টা থেকে ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৬,২২৫টি ড্রোন মস্কো অঞ্চলের দিকে পরিচালিত হয়েছে। এর মধ্যে ৭৮০টি ড্রোন রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর আকাশসীমায় ধ্বংস করতে সক্ষম হয়েছে।
গত বছরের একই সময়ের তুলনায় এই হামলার সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছেন সোবিয়ানিন। তিনি জানান, আগের বছরগুলোতে এক মাসে মস্কো অভিমুখে আসা ইউক্রেনীয় ড্রোনের সংখ্যা সাধারণত কয়েক ডজন থেকে সর্বোচ্চ কয়েকশ’র মধ্যে সীমাবদ্ধ ছিল।
সম্প্রতি ইউক্রেন মস্কোসহ রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন অঞ্চলে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। অন্যদিকে, রুশ কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে রাজধানীমুখী এসব ড্রোন ভূপাতিত করার দাবি করে আসছে। এসব হামলার কারণে মস্কোর বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলেও প্রায়ই বিঘ্ন ঘটছে।





