ভাসানচর থেকে পালানোর সময় তিন পরিবারের ৯ রোহিঙ্গা আটক

প্রকাশ:

নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে অবৈধভাবে স্পিডবোটে করে পালিয়ে যাওয়ার সময় তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে ভাসানচরের ১১২ নম্বর ডিউটি পোস্ট সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশের একটি যৌথ দল তাদের আটক করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে ১১২ নম্বর ডিউটি পোস্ট সংলগ্ন সাগরে একটি স্পিডবোটে কিছু রোহিঙ্গার সন্দেহজনক চলাচল লক্ষ্য করেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরিস্থিতি আঁচ করতে পেরে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন। এরপর পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে মালামালসহ ওই ৯ রোহিঙ্গাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্য সিপাহি মো. আবদুর রহমান এবং পুলিশের নায়েক মো. আজমুল ও কনস্টেবল মো. আবু বকর সরাসরি নেতৃত্ব দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই শেষে আটককৃতদের পুনরায় ভাসানচরের নির্ধারিত আবাসন এলাকায় ফিরিয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানানো হয়, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন সমন্বিত তৎপরতার কারণেই পালিয়ে যাওয়ার চেষ্টাটি নস্যাৎ করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন