রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রকাশ:

রোহিঙ্গা শরণার্থী সঙ্কটে অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা সার্জিও গোর শুক্রবার দুপুরে কক্সবাজারে পৌঁছান এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এই পরিদর্শনের সার্বিক সমন্বয় করছেন।

ক্যাম্প পরিদর্শনের সময় মার্কিন অর্থায়নে চলমান বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন বিশেষ দূত। এ সময় তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমও এবং বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মার্কিন প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

শুক্রবার বিকেলে উখিয়ায় মার্কিন প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান। কমিশনার বলেন, গত কয়েক বছরে আন্তর্জাতিক সহায়তার পরিমাণ হ্রাস পেলেও মার্কিন প্রতিনিধিদলের এই সফর নতুন আশার সঞ্চার করেছে। বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মোহাম্মদ মিজানুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানকালীন সময় পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, সার্জিও গোরের এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানে মার্কিন প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উখিয়ায় মার্কিন প্রতিনিধিদলের সাথে সংক্ষিপ্ত বৈঠক শেষে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন।

শেয়ার করুন