মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখেরও বেশি রোহিঙ্গার বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিনিধিদলটি সরাসরি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যায়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ মার্কিন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
সফরকালে প্রতিনিধিদলটি উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কার্যক্রম পর্যবেক্ষণ করে। এছাড়াও তারা ৬নং ক্যাম্প ও সম্প্রসারিত ৮-ওয়েস্ট ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংস্থাগুলোর কাছ থেকে রোহিঙ্গাদের জীবনযাত্রা, খাদ্য সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মানবিক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
পরিদর্শনের সময় অনেক রোহিঙ্গাকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসব প্ল্যাকার্ডের মাধ্যমে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের দাবি পুনর্ব্যক্ত করেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘You have a home, we miss our home.’ প্রতিনিধিদলের সদস্যরা কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও সংকটের বিভিন্ন দিক সম্পর্কে জানার চেষ্টা করেন।
এর আগে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গোর। একই দিন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।





