বার্সেলোনায় যোগ দিতে রাজি রদ্রি, পেছনে রিয়াল মাদ্রিদ

প্রকাশ:

ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রি বার্সেলোনায় যোগ দিতে রাজি হয়েছেন। গত বৃহস্পতিবার স্প্যানিশ এই ফুটবলার বার্সার ক্রীড়া পরিচালকের কাছে নিজের সম্মতির কথা জানিয়েছেন। এর মাধ্যমে রিয়াল মাদ্রিদে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল। রদ্রির এই সম্মতির পর বার্সেলোনা এখন ম্যানচেস্টার সিটির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে। তবে এই দলবদল প্রক্রিয়াটি সহজ হবে না, কারণ রদ্রির দলবদল ফি ৫ কোটি ইউরোর কম হবে না বলে ধারণা করা হচ্ছে।

বার্সেলোনায় ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের দীর্ঘমেয়াদি চোটের কারণে বিকল্প হিসেবে রদ্রিকে দলে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ডি ইয়ংয়ের ডান হাঁটুর মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তিনি দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন। অস্ত্রোপচার না করলে তাঁর সুস্থ হতে চার মাস সময় লাগতে পারে। অভিজ্ঞ মিডফিল্ডারের সন্ধানে থাকা বার্সেলোনা রদ্রিকে পাওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেছে। রিয়ালের সঙ্গে রদ্রির প্রাথমিক সমঝোতার গুঞ্জন থাকলেও আলোচনা দীর্ঘায়িত হওয়ায় বার্সেলোনা সেই সুযোগ কাজে লাগিয়েছে।

রদ্রিকে ক্যাম্প ন্যুতে নিয়ে আসার পেছনে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি ক্লাবের ক্রীড়া পরিচালকের ওপর ভরসা না রেখে নিজেই রদ্রির সঙ্গে ফোনে যোগাযোগ করেন। ফোনালাপে ফ্লিক রদ্রিকে বার্সার ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁর গুরুত্ব তুলে ধরেন এবং ডিফেন্সিভ মিডফিল্ডে মূল দায়িত্ব দেওয়ার পাশাপাশি নিয়মিত খেলার প্রতিশ্রুতি দেন। ফ্লিকের এই সরাসরি হস্তক্ষেপে রদ্রি ও তাঁর ঘনিষ্ঠরা প্রভাবিত হন এবং শেষ পর্যন্ত বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

জিজান্তেস ও ফিচাহেস ডটকমের মতো দলবদলের পোর্টাল জানিয়েছে, ফ্লিকের কাছ থেকে এসব প্রতিশ্রুতি পাওয়ার পর বার্সায় যোগ দেওয়ার বিষয়ে রাজি হন ৩০ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

শেয়ার করুন