পর্তুগালের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রবার্তো মার্টিনেজ

প্রকাশ:

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে পর্তুগালকে। এই পরাজয়ের পরপরই পর্তুগাল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রবার্তো মার্টিনেজ। তিনি এই বিচ্ছেদকে দলের একটি অধ্যায়ের সমাপ্তি হিসেবে উল্লেখ করেছেন।

সংবাদ সম্মেলনে মার্টিনেজ জানান, সোমবারই তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন নতুন কোচ খুঁজে বের করার পুরো বিষয়টি পর্তুগাল ফুটবল ফেডারেশনের ওপর ন্যস্ত। তিনি বলেন, ‘আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে। যদি বিশ্বকাপই জেতা না হয়, তবে দায়িত্ব চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না।’

মার্টিনেজ আরও বলেন, ‘বোর্ড এবং সভাপতির সামনে এখন নতুন কোচ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। আমার চুক্তি আজই শেষ হয়েছে, এর চেয়ে বেশি কিছু বলার নেই।’ টুর্নামেন্ট শুরুর আগে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না থাকলেও, স্পেনের বিপক্ষে ম্যাচটি যে তার শেষ ম্যাচ ছিল তা তিনি নিশ্চিত করেছেন।

জাতীয় দলের দায়িত্ব ছাড়ার বিষয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে মার্টিনেজ বলেন, ‘হ্যাঁ, এটাই জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচ। আমি অত্যন্ত গর্বিত। এখানকার মানুষ আমাকে একজন পর্তুগিজের মতোই আপন করে নিয়েছিল, অনেক উষ্ণতা পেয়েছি। এটি আমার জন্য আনন্দের, গর্বের এবং দায়িত্বের বিষয় ছিল।’

এ সময় দলের অধিনায়ককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ সে একজন অনুকরণীয় অধিনায়ক ছিল। শুধু গোলের সংখ্যায় নয়, পরিসংখ্যান বলছে অ্যাসিস্টের ক্ষেত্রেও সে অসাধারণ অবদান রেখেছে।’

শেয়ার করুন