দেশের বিভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনায় নারীসহ মোট সাতজনের প্রাণহানি ঘটেছে। সোমবার ও মঙ্গলবার পৃথক এসব দুর্ঘটনায় এসব হতাহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় মিনিট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ এবং একই উপজেলার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন। তারা মোটরসাইকেলে কক্সবাজার ভ্রমণ শেষে ভোরে চাঁদপুরে ফিরছিলেন।
নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর চান্দপড়া জনতা কলেজ এলাকায় গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কে বালুবোঝাই ট্রাকচাপায় রুহুল আমিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই সময়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক প্রাণ হারিয়েছেন।





