বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়েছেন যে, দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অনৈতিক কাজে লিপ্ত হলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, গত ৫ আগস্টের পর থেকে দলের চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত কঠোর হাতে সব ধরনের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।
সোমবার দুপুরে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিজভী উল্লেখ করেন, বিএনপি জনগণের বিপুল সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই জনস্বার্থ ও মানবকল্যাণের বাইরে দল কোনো কাজ করবে না এবং প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বে বর্তমান কর্মসূচিগুলোর মূল লক্ষ্য জনগণের কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়ন বলে জানান তিনি। নেতাকর্মীদের এই জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করার আহ্বান জানান রিজভী।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন নির্বাচনগুলো দলীয় প্রতীকে হবে না। ফলে স্থানীয় পর্যায়ের নেতাদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে সমর্থন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া সব ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার সত্ত্বেও বিএনপি ও সরকারের ওপর জনগণের আস্থা ও জনপ্রিয়তার হার অত্যন্ত উঁচুতে রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের পক্ষে কাজ করলে বর্তমান সরকার একটি সফল ও সমাদৃত সরকার হিসেবে টিকে থাকবে।





