চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে বাংলাদেশে মোট ১৭৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। ডলারের বিনিময় হার ১২৩ টাকা ধরে হিসাব করলে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ হাজার ১১২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের এই ১৮ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ১২৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৮ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে ৩০ লাখ ৩০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।
ব্যাংকভিত্তিক তথ্যে দেখা যায়, আলোচ্য সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এই সময়ে ২৬ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ডলার এসেছে। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংক সংগ্রহ করেছে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৪০ লাখ ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।




