ভারতের রাজধানী দিল্লির আকাশ ছেয়ে গেছে ঘন কালো মেঘে। এর পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির আশঙ্কায় পুরো দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে ঘর থেকে বের হওয়া দর্শনার্থীরা এই প্রবল বৃষ্টির কবলে পড়ে বিপাকে পড়েন। বৃষ্টির তীব্রতা বাড়তে থাকায় অনেককেই আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে দেখা যায়।
ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পালাম এলাকায় প্রায় ৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।
আবহাওয়া দপ্তর দুপুর ২টা ১৫ মিনিটে প্রকাশিত স্বল্পমেয়াদি পূর্বাভাসে জানায়, বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
পরবর্তী তিন ঘণ্টার পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, দিল্লির অধিকাংশ এলাকায় মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-একটি স্থানে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যা কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





