৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী ব্যবসায়ী পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের

প্রকাশ:

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাবেক এমপিদের ‘প্রটেকশন’ ও পুনর্বাসনের গুরুতর অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই অভিযোগ করেন।

রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও তথাকথিত ডামি এমপিদের সুরক্ষা দিয়েছেন। তিনি দাবি করেন, অন্তত একজন আওয়ামী লীগের পদধারী নেতা ও ব্যবসায়ীকে আসিফ পুনর্বাসন করেছেন, যার বিষয়টি তার জানা আছে। রাশেদ খাঁনের ভাষ্যমতে, তিনি এই বিষয়ে আসিফ মাহমুদকে সরাসরি কয়েকবার সতর্ক করলেও আসিফ তার কথায় কর্ণপাত করেননি।

পোস্টে রাশেদ খাঁন আরও জানান, এনসিপির নেতারাও বিষয়টি জানতেন। যখন তাদের কাছে আসিফের এই কর্মকাণ্ডের কথা জানানো হতো, তখন তারা বলতেন, ‘ভাই, আসিফ তো আমাদের কেউ না! তার সাথে এনসিপির কোনো যোগাযোগ ও সম্পর্ক নাই!’ এছাড়া নাহিদ ইসলামও বিভিন্ন সময় গণমাধ্যমের কাছে দাবি করেছেন যে, দু’জন ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই, যাতে দুর্নীতি ও বিতর্কের দায় তাদের ওপর না আসে।

আসিফ মাহমুদের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগও তুলেছেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলো। যে তথ্য আমি নিজে জানি।’ এছাড়া আসিফের এপিএস মোয়াজ্জেমের বিষয়েও তার কাছে তথ্য এসেছে বলে তিনি জানান। এই দুইজনের বিষয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন উপদেষ্টাকে অবহিত করলে ওই উপদেষ্টা বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘আমরা যে বেতন পায়, সেটা দিয়ে চলতে পারি না, আর ওরা মানুষকে লাখ লাখ টাকা দেয়! স্বাভাবিক বেতন থেকে এটা দেওয়া যায়?’

রাশেদ খাঁন তার স্ট্যাটাসে আরও মন্তব্য করেন যে, নাহিদ ইসলাম ও আখতার হোসেনের মতো সিনিয়র নেতারা আসিফ মাহমুদের পাশে শক্তভাবে দাঁড়াচ্ছেন না কারণ তারাও এসব তথ্য সম্পর্কে অবগত। সবশেষে তিনি মন্তব্য করেন, ‘চোরের মায়ের বড় গলা, আসিফ মাহমুদের অবস্থাও সে রকম হয়েছে!’

শেয়ার করুন