রাঙ্গুনিয়ায় সংযোগ সড়কহীন সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার এলাকাবাসীর

প্রকাশ:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরফভাটা ছনাগাজী এলাকা থেকে মৌলানা গ্রামমুখী সড়কে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০১৫-১৬ অর্থবছরে একটি সেতু নির্মাণ করা হয়। তবে নির্মাণের এক দশক পেরিয়ে গেলেও সেতুটির দুই পাশে কোনো সংযোগ সড়ক তৈরি হয়নি। ফলে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে বালুর বস্তা ফেলে সেতুটি পারাপারের অস্থায়ী ব্যবস্থা করেছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সেতুর সংযোগ সড়ক না থাকার পাশাপাশি ওই এলাকার তিনটি গুরুত্বপূর্ণ সড়ক—মাওলানা বাজার রোড, দরবারে নেসিয়ারিয়া রোড এবং পাইট্টেলীকুল রোড দীর্ঘ ৩০ বছর ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। এসব সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এলাকার দুই শতাধিক পরিবার এই দীর্ঘস্থায়ী দুর্ভোগের শিকার। স্থানীয় পশ্চিম সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল কাদের জিলানী মাদরাসা ও নেসিয়ারিয়া মাদরাসার শত শত শিক্ষার্থী ও শিক্ষককে প্রতিদিন ভাঙাচোরা এই পথ দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

এলাকাবাসীর অভিযোগ, সড়কগুলো সরু ও জরাজীর্ণ হওয়ায় মুমূর্ষু রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এমনকি কারো মৃত্যু হলে জানাজা শেষে লাশবাহী খাট কবরস্থান পর্যন্ত নেওয়াও চরম কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় মাওলানা নেছার উল্লাহ শাহ জামে মসজিদ পুনর্নির্মাণের দাবিতে বিশিষ্টজনেরা স্থানীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর কাছে সম্প্রতি একটি স্মারকলিপি প্রদান করেছেন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, সড়কগুলোর সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বিষয়টি সরেজমিনে দেখার জন্য চলমান রেখেছেন এবং পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন।

শেয়ার করুন