রংপুরে নিজ বাড়ি থেকে শিক্ষক দম্পতিসহ দুই সন্তানের লাশ উদ্ধার

প্রকাশ:

রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় অবস্থিত নিজ বাড়ি থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা বোলা চক্রবর্তী (৫৫) এবং তাদের দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে পুলিশ তালাবদ্ধ দোতলা বাড়িটির ভেতর থেকে তাদের মৃতদেহগুলো উদ্ধার করে। নিহতদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর এলাকায়।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। ভেতর থেকে দুর্গন্ধ বের হতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দোতলার ছাদ থেকে গণপতি চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। এছাড়া, তিনতলায় ওঠার সিঁড়ি থেকে প্রীতিলতা বোলা চক্রবর্তী ও তাদের মেয়ে কারমাইকেল কলেজের মাস্টার্স পরীক্ষার্থী প্রার্থী চক্রবর্তীর (২৫) এবং ঘরের খাটের নিচ থেকে ছেলে ও রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তীর (১২) লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে সিআইডির একটি বিশেষ দল আলামত সংগ্রহের কাজ করেছে। মহানগর কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদির জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন স্থান থেকে লাশগুলো উদ্ধার করে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তিনি আরো জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশগুলো রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং পরবর্তী তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহের কাজ চলছে।

শেয়ার করুন