রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় মো. জাহাঙ্গীর হাওলাদার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ওই এলাকার আক্কেল আলী হাওলাদারের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী পেশায় একজন জেলে এবং তিনি গত ১৮ জুলাই তার মাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। এই সুযোগে ১৯ জুলাই রাত আনুমানিক ১টার দিকে জাহাঙ্গীর পূর্বপরিকল্পিতভাবে ওই গৃহবধূর বসতঘরের পেছনের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করেন। ভুক্তভোগী তাকে দেখে চিৎকার করলে জাহাঙ্গীর তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ধস্তাধস্তির একপর্যায়ে অভিযুক্তের পা ভুক্তভোগীর ১০ মাস বয়সী শিশুর গায়ে লাগলে শিশুটি কান্না শুরু করে। এ সময় চার বছর বয়সী অপর সন্তানও জেগে উঠে কান্নাকাটি শুরু করলে জাহাঙ্গীর শিশুটির মুখ চেপে ধরেন। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জাহাঙ্গীর ঘরের পেছন দিয়ে পালিয়ে যান। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তার স্বামী ও স্বজনদের জানান। এছাড়া অভিযুক্ত ও তার স্বজনরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য তাকে হুমকি ও চাপ দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে এবং দুপুরে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন