সম্প্রতি আধ্যাত্মিক সফরে পবিত্র মক্কা নগরীতে গিয়েছেন আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে তিনি কেবল নিজের জন্য নয়, বরং নিজের দেশ ও দেশের পুরো তরুণ প্রজন্মের নিরাপত্তা, শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।
প্রার্থনার সময় রাখি আবেদন জানান, ঈশ্বর যেন তাঁর দেশকে রক্ষা করেন এবং মানুষকে ভুল পথে চালিত করা ব্যক্তিদের হাত থেকে দেশকে নিরাপদ রাখেন। এছাড়া দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, তরুণ প্রজন্মের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের মান-সম্মান বজায় রাখার জন্য তিনি বিশেষ আকুতি জানান। দেশের রাজনৈতিক নেতাদের প্রতি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানিয়েছেন এই অভিনেত্রী।
মক্কায় প্রার্থনার এক পর্যায়ে রাখি সাম্প্রতিক একটি মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন, যেখানে আইফোন কেনার আবদার কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে এক পরিবারের তিন সদস্য আত্মহত্যা করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তরুণদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দেন তিনি। তিনি বলেন, দামি জিনিসপত্র বা আইফোনের চাহিদার জন্য বাবা-মাকে যেন কেউ কষ্ট না দেন। তরুণদের কঠোর পরিশ্রম করে নিজের উপার্জনে ভবিষ্যৎ গড়ার পরামর্শ দেন তিনি।
নিজের ধর্মীয় পরিচয় নিয়ে রাখি জানান, জন্মসূত্রে তিনি হিন্দু, পরবর্তীতে খ্রিষ্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে তিনি ইসলাম ধর্ম অনুসরণ করছেন। তবে তিনি সব ধর্মকেই সমান সম্মান করেন বলে উল্লেখ করেন। এই সফরের মধ্য দিয়ে তিনি শিক্ষা, সততা এবং বাবা-মায়ের প্রতি সন্তানদের দায়িত্ববোধের বিষয়টিতেই বিশেষভাবে জোর দিয়েছেন।





