রাজাপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশ:

ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় অবস্থিত নাইম ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছিল। এই অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুল হান্নানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আব্দুল হান্নান ভান্ডারিয়া উপজেলার নদমুল্লাহ গ্রামের বাসিন্দা আব্দুস ছালাম মোল্লার ছেলে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানান, ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন