শ্যামনগরে মুরগির খামার থেকে ১৭ ফুট অজগর উদ্ধার

প্রকাশ:

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন নীলডুমুর এলাকায় একটি মুরগির খামার থেকে প্রায় ১৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুক্তার গাজী জানান, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগরটি তার হাঁস-মুরগির খামারে প্রবেশ করে। বুধবার সকালে খামারের দরজা খুলে দিলে কিছু হাঁস ও মুরগি বেরিয়ে এলেও বাকিগুলো ভেতরেই আটকা পড়ে ছিল। পরে খামারে বিশাল সাপটি দেখতে পেয়ে তার স্ত্রী আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন।

ঘটনার খবর পেয়ে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সিপিজি সদস্য আবুল হোসেন জানান, তাদের আহ্বানে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় প্রচেষ্টার পর সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে সুন্দরবন থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে এসেছিল। উদ্ধারকৃত অজগরটিকে সুন্দরবনের গভীর অরণ্যে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

শেয়ার করুন