কিয়েভে তিন দিনের হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন

প্রকাশ:

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য সব ধরনের হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার রাত থেকেই এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে। তবে এই বিরতি শুধুমাত্র কিয়েভের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, ইউক্রেনের অন্য কোনো অঞ্চলের জন্য নয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই সিদ্ধান্তটি মূলত কিয়েভে আমেরিকানদের যোগাযোগ ও বৈঠকের প্রস্তুতি এবং তা পরিচালনার সুবিধার্থে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল মস্কো সফরে যাওয়ার পর এই ঘোষণা এলো। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার জন্য রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবারই পুতিন মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। মস্কো সফর শেষে উইটকফ ও কুশনারের ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার কথা রয়েছে। এর আগে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প তার প্রতিনিধিদলকে "দারুণ আলোচক" হিসেবে আখ্যায়িত করে জানিয়েছিলেন যে, তারা যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব নিয়ে যাচ্ছেন। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে যুদ্ধ অবসানের একটি ভালো সম্ভাবনা তৈরি হতে পারে।

এদিকে, শনিবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভের কাছাকাছি দুটি বিমানবন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে বরিসপিল বিমানবন্দর, যেটি আগে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার কাজে ব্যবহৃত হতো।

শেয়ার করুন