বিয়ে নিয়ে ছড়ানো গুজবে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির

প্রকাশ:

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি তার ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর খবরের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হচ্ছে। এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধ না হলে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

পূজা চেরি তার পোস্টে স্পষ্ট করেছেন যে, তার বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, এর আগে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তার বাগদান হয়েছে এবং পারিবারিকভাবে বিয়ের কথা ঠিক হয়েছে, তবে এখনো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। বিয়ের আয়োজন সম্পন্ন হলে তিনি নিজেই তা সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে নিশ্চিত করেছেন।

বর্তমানে নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের প্রস্তুতির কারণেই তাকে ক্যামেরার সামনে কম দেখা যাচ্ছে বলে জানান এই অভিনেত্রী। ব্যক্তিগত গোপনীয়তা ও সুনামের অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, অনুমতি ছাড়া ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের বিষয়টিও স্মরণ করিয়ে দেন।

সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে পূজা বলেন, তার নীরবতাকে ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আবারও জোর দিয়ে বলেন, তার বিয়ে এখনো হয়নি এবং এ বিষয়ে সঠিক তথ্য তিনি নিজেই সবাইকে জানাবেন।

শেয়ার করুন