গুম প্রতিরোধে সংসদ অভিমুখে পদযাত্রার ডাক দিল জাতীয় কমিটি

প্রকাশ:

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির উদ্যোগে রোববার বিকালে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচিতে দলমতনির্বিশেষে সর্বস্তরের দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কর্মসূচি বাস্তবায়ন কমিটি।

শনিবার কমিটির আহ্বায়ক অধ্যাপক দিলারা চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। নেতারা বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশ ছিল গুমের রাজ্য। মানুষের ঘরে-বাইরে কোনো নিরাপত্তা ছিল না। রাষ্ট্রীয় বাহিনী মানুষকে নিজ ঘর থেকে তুলে নিয়ে গুম করে আয়নাঘরে বন্দী রেখে অমানবিক নির্যাতন চালিয়েছে। এমনকি অনেককে গুমের পর হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়ার মতো নির্মম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। এই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গুম প্রতিরোধ আইন কঠোরভাবে প্রণয়ন ও প্রয়োগের নিশ্চয়তা প্রয়োজন। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু হবে। দেশপ্রেমিক ও সচেতন নাগরিকদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন