আইন কর্মকর্তাদের নিয়োগের প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ

প্রকাশ:

বাংলাদেশ সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সম্প্রতি নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন একদল সংক্ষুব্ধ আইনজীবী। রোববার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারী আইনজীবীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে। তাদের ভাষ্যমতে, অতীতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং জেল-জুলুমের শিকার অনেক যোগ্য আইনজীবীকে এই নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে অর্থের বিনিময়ে এবং কিছু ‘গুপ্ত-সুপ্ত’ সুবিধাভোগী ব্যক্তিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

বিক্ষোভের সময় আইনজীবীরা বিভিন্ন স্লোগান দেন এবং বর্তমান নিয়োগ বাতিল করে যোগ্য ও আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত আইনজীবীদের নিয়োগ দেওয়ার দাবি জানান। তাদের মতে, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে পেশাগত দক্ষতা, ত্যাগ ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল, যা বর্তমান নিয়োগের ক্ষেত্রে অনুসরণ করা হয়নি।

উল্লেখ্য যে, গত ৩০শে জুলাই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল।

শেয়ার করুন