ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা মাদ্রাসা ছাত্রদের

প্রকাশ:

সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়া নিয়ে জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে মিছিল ও সমাবেশ করেছেন মাদ্রাসা ছাত্ররা। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তারা সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ক্ষমা চাওয়া না হয়, তবে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেয়া হবে না।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারার জন্য সরকারের ব্যর্থতার সমালোচনা করেছিলেন।

শেয়ার করুন