রাজনৈতিক চিন্তাবিদ, গবেষক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠন। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে তার মরদেহ শহীদ মিনারে আনা হলে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ তাকে ফুলেল শ্রদ্ধা জানান। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ বাংলা একাডেমিতে নেওয়া হয়। সেখানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রয়াত এই শিক্ষাবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য যে, ৮৬ বছর বয়সী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক রোববার আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকেও পৃথক শোকবার্তা পাঠানো হয়েছে।





