রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৬টার দিকে তিনি সমাধিস্থলে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংসদ ভবন থেকে সরাসরি শেরেবাংলা নগরে সমাধিস্থলে আসেন প্রধানমন্ত্রী। কবর জিয়ারতের আগে তিনি কিছুক্ষণ একা নিরবে দাঁড়িয়ে ছিলেন। এরপর তিনি তার বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে যান। সেখানে মাগরিবের নামাজ আদায় করে তিনি সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন। আতিকুর রহমান রুমন জানান, সভায় রাজশাহী, পাবনা ও চাপাই নবাবগঞ্জ জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় দলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমান প্রতিটি জেলার খোঁজ-খবর নেন এবং দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন