বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী নানা কর্মসূচি

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার তার নির্ধারিত সরকারি সফরের অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে এসে পৌঁছেছেন। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

গৌরনদীর প্রবেশপথে সড়কের দুই পাশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতাকে করতালি দিয়ে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ লেখা সম্বলিত একটি লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে ছিলেন এবং সেখান থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। দলীয় প্রধানের নির্দেশনায় তার ছবি সংবলিত কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন নির্মাণ করা হয়নি।

এর আগে ভোর ৬টায় ঢাকার গুলশানের বাসা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সফরকালে বেশ কিছু কর্মসূচি পালন শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরে যাবেন।

সফরের অংশ হিসেবে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর দুপুরে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় অংশগ্রহণের মধ্য দিয়ে তার দিনের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর।

শেয়ার করুন