দেশের শিল্পখাতে চলমান গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়। বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এই তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল শিল্পখাতে গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই মূলত শিল্পখাতে এই সংকট তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
শওকত আজিজ রাসেল আরও জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে বোঝার চেষ্টা করছেন। এ খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা আশাবাদী।
শিল্পখাতের উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার এখন একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। এর অংশ হিসেবে, যেসব কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিংবা আংশিকভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে, সেগুলোর প্রকৃত অবস্থা জানতে উদ্যোক্তাদের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সরকার। এই প্রতিবেদন ও তথ্য বিশ্লেষণের মাধ্যমেই সংকট মোকাবিলায় পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিটিএমএ সভাপতি।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।





