চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে কল-কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সমুদ্রকে জনগণের বড় সম্পদ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সমুদ্রসংলগ্ন এলাকাগুলোতে শিল্পকারখানা গড়ে তোলা হবে, যা এ অঞ্চলের মানুষের বেকারত্ব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। একই অনুষ্ঠানে তিনি লবণ চাষিদের কল্যাণের স্বার্থে দ্রুত লবণের মূল্য নির্ধারণের প্রতিশ্রুতিও প্রদান করেন।
স্থানীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো মহল যেন বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সে ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন। সফরের অংশ হিসেবে বিকেলে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত এবং হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করার কথা রয়েছে তার।
আজ বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উল্লেখ্য, চট্টগ্রাম ও কক্সবাজারে আগে সফর করলেও মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সফর।





