সিলেটে এক দিনের রাষ্ট্রীয় সফরে এসে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। তার সঙ্গে এই সফরে সহধর্মিনী রাহাত আরা বেগমও রয়েছেন।
মঙ্গলবার সকালের দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউজে যান, যেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউজে সংক্ষিপ্ত বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রঃ)-এর মাজার জিয়ারত করেন তিনি। সেখানে তিনি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন।
মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি সিলেটের খাদিম নগরে হজরত শাহপরান (রঃ)-এর মাজারে যান। সেখানে মাজার জিয়ারত এবং যোহরের নামাজ আদায় করেন তিনি। সিলেটে এই একদিনের সফরের অংশ হিসেবে বিকেল সাড়ে তিনটায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি কর্পোরেশন আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগ দেওয়ার কথা রয়েছে।





