হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৪ টাকা করার দাবি

প্রকাশ:

বাম্পার ফলনের পরও আলু সংরক্ষণের উচ্চ খরচ কৃষকের লাভের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে উৎপাদনের উৎসাহ ধরে রাখতে রাজশাহীর কৃষক ও আলু ব্যবসায়ীরা হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজিতে সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের জোরালো দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজশাহীর পবা উপজেলার তকিপুরে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আহাদ আলী শাহসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। চাষি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি। তিনি জানান, ২০২৪ সালে প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া ছিল ১৮০ থেকে ২৫০ টাকা, যা ২০২৫ সালে এক লাফে ৪০০ থেকে ৪৮০ টাকায় উন্নীত করা হয়েছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ইফতেখারুল ইসলাম ডনি অভিযোগ করেন, গত শনিবার (১ আগস্ট) বাংলাদেশ হিমাগার মালিক অ্যাসোসিয়েশন ভাড়া বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন করলেও তারা প্রকৃত পরিচালন ব্যয়ের কোনো গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ বা দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তিনি হিমাগার মালিকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, সরকারি সুপারিশ কমিটির কাছে কেন পরিচালন ব্যয়ের গ্রহণযোগ্য তথ্য দেওয়া হয়নি। তাঁর দাবি, অতিরঞ্জিত ব্যয় দেখিয়ে কৃষক ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত ভাড়ার বোঝা চাপানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উদ্বেগ প্রকাশ করা হয় যে, দেশে প্রায় ৪০০টি হিমাগার রয়েছে। প্রতিটি হিমাগার যদি ১ কোটি টাকা করে তহবিল গঠন করে, তবে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ৪০০ কোটি টাকা। এই বিপুল অর্থের অপব্যবহার হলে তা কৃষক ও সাধারণ মানুষের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে।

সংগঠনটির পক্ষ থেকে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক, কৃষি মন্ত্রণালয় এবং সরকারের প্রতি আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণ এবং হিমাগারগুলোর প্রকৃত পরিচালন ব্যয় স্বাধীনভাবে যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে। তথ্য-প্রমাণ ছাড়া ভাড়া বাড়ানোর দাবি প্রত্যাখ্যান করে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও ভোক্তার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় ভাড়া নির্ধারণের দাবি পুনর্ব্যক্ত করেন নেতারা।

শেয়ার করুন