দেশের সব বন্দর এখন থেকে দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনায় এখন সরকারের সকল দপ্তর সম্মিলিতভাবে বাংলাদেশের প্রতিটি বন্দরকে সার্বক্ষণিক সেবা প্রদানের আওতায় নিয়ে আসবে। এর ফলে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও দ্রুত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘ এই বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, বিদ্যমান সমস্যা এবং বিনিয়োগের সামগ্রিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাহদী আমিন বলেন, দেশে বিদ্যমান ইকোনমিক জোন, বেজা (BEZA) এবং বেপজা (BEPZA)-তে কীভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় এবং বিনিয়োগের জটিলতাগুলো দূর করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়ী প্রতিনিধিদের আলোচনা হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা তাদের মতামত তুলে ধরেন।
সরকার বেসরকারি খাতের বিকাশে নীতিগত সহায়তা প্রদানে বদ্ধপরিকর উল্লেখ করে মাহদী আমিন আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি প্রো-বিজনেস ও প্রো-ইনভেস্টমেন্ট বাজেট বাস্তবায়নের মাধ্যমে তরুণ ও নারীদের কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, 'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ'—প্রধানমন্ত্রীর এই স্লোগানকে ধারণ করেই আজকের আলোচনা হয়েছে। সরকারি নীতিমালার কার্যকর রূপায়ণের এই উদ্যোগকে ব্যবসায়ী প্রতিনিধিরা স্বাগত জানিয়েছেন এবং নীতিগত প্রস্তাবনার দ্রুত সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী।





