মারধর ও যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জেরার তারিখ পিছিয়ে আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া এ আদেশ প্রদান করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।
আইনজীবী জানান, রোববার মামলার ধার্য দিনে পরীমণিকে জেরার কথা ছিল। বেলা ১১টার দিকে তিনি আদালতকে অবহিত করেন যে, পরীমণি আদালতে আসবেন এবং তাকে যেন দুপুর ১২টার দিকে জেরার জন্য রাখা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী দুপুর ১২টায় পরীমণিকে জেরার জন্য ডাকা হয়। তবে যানজটের কারণে সময়মতো আদালতে পৌঁছাতে না পারায় এই নায়িকা উপস্থিত হতে পারেননি। এরপর দুই দফায় ডাকা হলেও তিনি না আসায় আদালত ৩০ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন। পরে দুপুর ২টার পর পরীমণি আদালতে উপস্থিত হয়ে ফিরে যান।
মামলার অন্য আসামিরা হলেন নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা বর্তমানে জামিনে রয়েছেন। এদিনের শুনানিতে শহীদুল আলম আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে অপর দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় নাসির উদ্দিন ও অমিসহ চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন পরীমণি। তদন্ত শেষে সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। ওই বছরের ২৯ নভেম্বর থেকে পরীমণির সাক্ষ্য গ্রহণ শুরু হলেও তা এখনো শেষ হয়নি। বর্তমানে মামলাটি রুদ্ধদ্বার কক্ষে (ক্যামেরা ট্রায়ালে) চলছে।





