জনস্বার্থে পুলিশের ৩৩ জন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় রয়েছেন ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, ডিআইজি মো. সাইফুল ইসলাম, ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান এবং ডিআইজি এস. এম. মোস্তাক আহমেদ খানসহ অন্যান্যরা। এর মধ্যে মোল্যা নজরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।





